রাজশাহীতে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত শেষে দেশের সার্বিক পরিস্থিতি ও জাতীয় ঐক্যের প্রশ্নে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ‘‘দেশের সার্বভৌমত্ব ও শান্তি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বহিঃশত্রুর মোকাবিলায় জাতীয় ঐক্যে প্রয়োজন।’’
বৃহস্পতিবার (২৮ মে) সকালে নগরীর ঐতিহ্যবাহী হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, “বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি শান্তিপূর্ণ সহাবস্থানই জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে এবং কাজ করে যেতে হবে।”
তিনি আরও বলেন, জাতীয় স্বার্থের প্রশ্নে বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক সম্প্রীতি এবং পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
ঈদের প্রধান জামাতে কয়েক হাজার মুসল্লি অংশ নেন। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় ঈদগাহে উপস্থিত ছিলেন ড. আ. ন. ম. বজলুর রশীদ, এরশাদ আলী ঈশা, কাজী শহিদুল ইসলাম, মোহাম্মদ শাহজাহান ও মোহাম্মদ নাঈমুল হাছানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









