কিশোরগঞ্জের কটিয়াদীতে পৌর বিএনপি নেতা শাজাহান সিরাজীর ওপর হামলার ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করে প্রতিবাদ জানিয়েছেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুর রহমান বাদল।
শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাইতেরটেকি মোড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলন ও প্রতিবাদী সভায় তিনি এ দাবি জানান।
লিখিত বক্তব্যে শফিকুর রহমান বলেন, ২৯ সেপ্টেম্বরের ঘটনাটি একটি পারিবারিক বিরোধের জের ধরে ঘটেছে। এর সঙ্গে তাঁর বা তাঁর পরিবারের কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত সম্পৃক্ততা নেই। ঘটনার সময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপজেলার শীর্ষ নেতাদের সঙ্গে উপস্থিত ছিলেন। ইউএনও কার্যালয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলেই তার অবস্থান নিশ্চিত হওয়া যাবে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, দীর্ঘ ৩০ বছর কটিয়াদীতে বসবাস করলেও অতীতে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটলেও তিনি কখনো আইন হাতে তুলে নেননি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হওয়ায় একটি মহল তাঁকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করতে ভিত্তিহীন অভিযোগে জড়াচ্ছে বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সিসিটিভি ফুটেজ ও পারিপার্শ্বিক তথ্য-প্রমাণের ভিত্তিতে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান শফিকুর রহমান। প্রকৃত অপরাধী শনাক্ত করে নিরপরাধ কাউকে হয়রানি না করারও দাবি জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









