নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলে বেড়াতে এসে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ইমন, নাদিম ও সিহাব নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার তারাবো পৌরসভার গন্ধর্বপুর এলাকায় এ ঘটনা ঘটে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, তারাবো পৌরসভার মৈকুলী এলাকা থেকে এক কিশোরী তার এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে পূর্বাচলে বেড়াতে আসেন। রাতে বাড়ি ফেরার পথে গন্ধর্বপুর এলাকায় পৌঁছালে ইমন, নাদিম ও সিহাব তাদের মোটরসাইকেলের গতিরোধ করে।
তিনি আরও জানান, কিশোরী ও তার বন্ধুকে জোর করে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে কিশোরীর বন্ধুকে একটি কক্ষে আটকে রেখে কিশোরীকে ধর্ষণ করা হয়। একপর্যায়ে অভিযুক্তরা কিশোরীর বন্ধুর কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। পরে বিকাশের মাধ্যমে কিছু টাকা দেওয়ার পর আরও টাকা আনার কথা বলে কৌশলে সেখান থেকে বের হয়ে যান তিনি। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান।
খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে কিশোরী ও তার বন্ধুকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ইমন, নাদিম ও সিহাবকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে শনিবার (৩ অক্টোবর) নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









