ঈদুল আজহা উপলক্ষে নীলফামারীর সৈয়দপুর পৌর এলাকার ১৫টি ওয়ার্ডে ৩০০ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে ‘আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশন’। সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করেছে ফাউন্ডেশনটি।
শুক্রবার (২৯ মে) সকালে শহরের রেলওয়ে অফিসার্স ক্লাব চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের হাতে ওই কোরবানির মাংসের প্যাকেট তুলে দেওয়া হয়। এর আগে ফাউন্ডেশনের সদস্যরা মিলে সকালে পশু কোরবানি করেন এবং প্যাকেটজাত করেন। এতে শহরের বিভিন্ন এলাকার অসহায় ও নিম্ন আয়ের পরিবারগুলো অংশ নেয়।
মাংস বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শিল্প পরিবার ইকু গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইরফান আলম ইকু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক এম আর আলম ঝন্টু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের সদস্য সচিব সাংবাদিক নওশাদ আনসারী। এতে আরও উপস্থিত ছিলেন তানভির আহমেদ, সামিউল আলিম, খন্দকার আবিদা সুলতানা, রাজা, রাব্বি, নুর আলম, রাজন, খালিদসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।
পরে অতিথিরা উপস্থিত সুবিধাভোগীদের হাতে কোরবানির মাংসের প্যাকেট তুলে দেন। এ সময় উপকারভোগীরা এমন মানবিক উদ্যোগের জন্য ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ইরফান আলম ইকু বলেন, ‘‘কোরবানির মূল শিক্ষা হলো ত্যাগ ও মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা। সেই শিক্ষা থেকেই এবার আমরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করছি। সৈয়দপুর পৌর এলাকার ১৫টি ওয়ার্ডের মোট ৩০০ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।’’
তিনি আরও বলেন, “সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশন ভবিষ্যতেও মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।’’
উল্লেখ্য, বিগত বছরগুলোতে সুবিধা বঞ্চিত শিশুদের খাবার, শিক্ষা উপকরণ, ইফতার বিতরণ, ঈদের নতুন জামা ও খাদ্য সামগ্রী, স্বাবলম্বী প্রজেক্টসহ মানবিক কাজে বেশ প্রশংসা কুড়িয়েছে ফাউন্ডেশনটি।
অনুষ্ঠান শেষে ফাউন্ডেশনের পক্ষ থেকে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের জন্য দোয়া কামনা করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









