শহীদ প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আয়োজনে মিলাদ, দোয়া মাহফিল এবং হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। পরে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ১ থেকে ১২ নম্বর ওয়ার্ডের অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহমুব শ্যামল এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন, জেলা পরিষদ প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম, এডভোকেট গোলাম সারোয়ার খোকন, সহ-সভাপতি এবিএম মমিনুল হক, আনিছুর রহমান মঞ্জু প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহমুব শ্যামল বলেন, ‘‘দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ সময় ধরে সংগ্রাম করেছেন। বিগত সরকারের সময় বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর নানা ধরনের চাপ, মামলা ও নির্যাতন চালানো হয়েছে। সেই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বিএনপির নেতাকর্মীরা গণতন্ত্রের পক্ষে আন্দোলন চালিয়ে গেছেন।’’
তিনি আরও বলেন, ‘‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক, যিনি স্বাধীনতা-পরবর্তী সংকটময় সময়ে দেশের দায়িত্ব গ্রহণ করে উন্নয়ন ও উৎপাদনমুখী রাজনীতির ভিত্তি গড়ে তুলেছিলেন। কৃষি, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে তিনি বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছিলেন।’’
দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে জিয়াউর রহমান ও তার পরিবারের অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে বলেও তিনি উল্লেখ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









