গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর বলেছেন, ‘‘বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তার সাহসী নেতৃত্ব, দেশপ্রেম, দূরদর্শী রাজনৈতিক ভূমিকা এবং সঠিক নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে।’’
রবিবার (৩১ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের ভাণ্ডারিয়া শহীদ মিনার চত্বরে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, ‘‘শহীদ জিয়ার অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তার আদর্শ নতুন প্রজন্মকে দেশ গঠনে অনুপ্রাণিত করবে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদানও জনগণ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।’’
প্রতিমন্ত্রী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘যারা অতীতে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে এবং যাদের কারণে পিরোজপুরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ বাধাগ্রস্ত হয়েছে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’ একই সঙ্গে তিনি পিরোজপুর অঞ্চলে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ও অসমাপ্ত উন্নয়ন কাজগুলো দ্রুত সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন। একটি মহল অপপ্রচারের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে উল্লেখ করে তিনি এ ধরনের কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান।
সাধারণ মানুষ ও কৃষকদের সরাসরি সরকারি সুবিধা পৌঁছে দিতে বিশেষ ঘোষণার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘‘স্বরূপকাঠিতে ইতিমধ্যেই কৃষক কার্ড চালু করা হয়েছে। এর ধারাবাহিকতায় এবার ভাণ্ডারিয়াতেও ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে।’’
এছাড়া নারীদের উদ্দেশে তিনি বলেন, ‘‘মা-বোনেরা আপনারা কোনো ধরনের মিথ্যা প্রচারণা, গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না।’’ সত্য ও বাস্তবতাকে মূল্যায়ন করে দেশের অগ্রযাত্রায় সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আহমেদ সোহেল মনজুর বলেন, ‘‘সামনে স্থানীয় সরকার নির্বাচন। এ নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করে যোগ্য ও দলীয় প্রার্থীদের নির্বাচিত করে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সবাইকে অংশীদার হতে হবে।’’
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, ভাণ্ডারিয়া পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, সদস্য সচিব মাসুদ রানা পলাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মলাদ জোমাদ্দার, উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম হাওলাদার প্রমুখ।
সভায় জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং পরে উপস্থিত সবার মাঝে খাবার বিতরণ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









