বরগুনার বামনা উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সব দপ্তরের কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে বামনা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন ও আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকবিরোধী কার্যক্রম, দুর্গাপূজার নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষি, সামাজিক সুরক্ষা, যোগাযোগব্যবস্থা, অবকাঠামোগত উন্নয়ন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
চিফ হুইপ বলেন, ‘‘সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তাদের আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। জনগণের ভোগান্তি কমানো, সরকারি সেবার মান বাড়ানো এবং উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। মানুষের দৈনন্দিন সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে।’’
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয় সভায়। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপনে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়।
সভায় চিফ হুইপ বামনা উপজেলার উন্নয়ন ত্বরান্বিত করতে সরকারি দপ্তরগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদার করার আহ্বান জানান। স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে দায়িত্ব পালন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে জনকল্যাণ নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।
সভায় বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, জনপ্রতিনিধি ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









