নাটোরের বাগাতিপাড়ায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, ‘‘পূজা সারা বাংলাদেশের একটি উৎসব। বাংলাদেশে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান কোনো ভেদাভেদ নেই। আমরা চাই যে, সবাই বাংলাদেশী হিসেবে পরিচিত পাবে। আমরা সেটা জনগণের কাছে অঙ্গীকার করে এসেছিলাম সেইদিকেই আমাদের সরকার এগোচ্ছে।’’
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলায় পূজামণ্ডপে ডিও প্রদান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ শেষে এসব কথা বলেন।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, ‘‘বিগত দিনে বিভিন্ন সময় যখন আমরা সরকারে ছিলাম না, তখনো চেষ্টা করেছি পূজাগুলোকে সবচেয়ে বেশি আনন্দময় করার জন্য। সকলের জন্য শরীক থেকেছি আমরাও। এবারও আমরা এসেছি সরকারের পক্ষ থেকে করার জন্য। সরকারের যেমন পরিকল্পনা রয়েছে আমাদেরও পরিকল্পনা রয়েছে।’’
পুতুল বলেন, ‘‘পূজার উৎসবে আইনশৃঙ্খলা নিয়ে কোনো ধরনের ছাড় নেই। কেউ কোনো ধরনের ক্রাইসিস তৈরি করার চেষ্টা করলে তা শক্ত হাতে দমন করা হবে। সেজন্য সরকারের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে।’’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান প্রিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা ভবসিন্ধু রায়, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হাফিজুর রহমান, সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন ও সাবেক যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিরা।
অনুষ্ঠানে উপজেলার ৩০টি পূজামণ্ডপে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জিআর খাত থেকে মোট ১৮ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল দেওয়া হয়। এ ছাড়া প্রান্তিক কৃষকদের মাঝে ৩০টি চার্জার স্প্রে মেশিন, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ১০টি হুইলচেয়ার এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবের প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









