চুয়াডাঙ্গার জীবননগরে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার শ্যালককে মারপিট করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্যালক হাফেজ আবু বক্কর সিদ্দিক সামান্য আহত হন। সোমবার সন্ধ্যায় জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে এ ঘটনা ঘটে।
জীবননগর থানার ওসি সোলাইমান শেখ জানান, হাসাদাহ বাজারের মোস্তাক আলী নামের এক ব্যক্তি তার আত্মীয়-স্বজনদেরকে একটা ইজিবাইকে করে নিয়ে হাসাদাহ বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। মোস্তাকের বাড়ির সামনে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বহনকারী মাইক্রোবাসটি পৌঁছালে ওই ইজিবাইকের সাথে ধাক্কা লাগে। এ সময় ইজিবাইকের চালক ও মাইক্রোবাসের চালকের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে সংসদ সদস্য মুফতি আমির হামজার শ্যালক হাফেজ আবু বক্কর সিদ্দিক মাইক্রোবাস থেকে নামলে মোস্তাকের শ্যালক মোহাম্মদ রিমন তার মুখে একটা ঘুষি মেরে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত আবু বক্কর সিদ্দিক পুলিশের কাছে অভিযোগ করে বলেন, একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগাকে কেন্দ্র করে আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এমপি আমির হামজার ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি। তার শ্যালকের সঙ্গে ইজিবাইকের ধাক্কা লাগাকে কেন্দ্র করে স্থানীয়দের তর্কবিতর্ক হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









