সড়কবাতির আধুনিক ও বিদ্যুৎসাশ্রয়ী প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জনের লক্ষ্যে ১১ দিনের সফরে ফ্রান্স যাচ্ছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন। তাঁর সঙ্গে থাকবেন রাসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ বি এম আসাদুজ্জামান সুইট। আগামী ২০ থেকে ৩০ জুন পর্যন্ত তারা ফ্রান্সে অবস্থান করবেন।
এ বিষয়ে প্রয়োজনীয় অনুমতি চেয়ে গত ১২ মে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে চিঠি পাঠান রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম।
চিঠিতে উল্লেখ করা হয়, সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হবে।
সূত্র জানায়, সফরকালে রাসিক প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী ফ্রান্সে অবস্থিত সিগনিফাইয়ের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন (ওলাক) সেন্টার পরিদর্শন করবেন। সেখানে তারা সড়কবাতির নতুন ও বিদ্যুৎসাশ্রয়ী প্রযুক্তি, উৎপাদন প্রক্রিয়া এবং আধুনিক আলোকায়ন ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা লাভ করবেন।
স্থানীয় সরকার বিভাগে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সফরের যাবতীয় ব্যয়ভার বহন করবে সিগনিফাই বাংলাদেশ লিমিটেড। চিঠিতে সফরের সূত্র হিসেবে প্রতিষ্ঠানটির পাঠানো আমন্ত্রণপত্রের কথাও উল্লেখ করা হয়েছে।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপক মেহেদী হাসান বলেন, “আমরা ফ্রান্সে তৈরি সড়কবাতি বাংলাদেশে আমদানি করি। আমাদের ডিলাররা বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কাছে এসব পণ্য সরবরাহ করে। কোনো ক্রেতা ওয়ার্ক অর্ডার দেওয়ার পর উৎপাদন প্রক্রিয়া ও প্রযুক্তিগত বিষয়গুলো দেখার আগ্রহ প্রকাশ করলে আমরা তাদের ফ্রান্সে নিয়ে যাই।”
তবে রাজশাহী সিটি করপোরেশনের জন্য ঠিক কোন ডিলার সড়কবাতি সরবরাহ করছে, সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি। তিনি বলেন, “আমাদের কয়েকজন ডিলার রয়েছে। এই মুহূর্তে কোন ডিলার রাসিককে পণ্য সরবরাহ করছে, তা নিশ্চিত করে বলতে পারছি না।”
এ বিষয়ে বক্তব্য জানতে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। একইভাবে নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ বি এম আসাদুজ্জামান সুইটের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









