সিলেটে ১২ বছরের এক ভবঘুরে শিশুকে মাদক সেবন করিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। সিলেট রেল স্টেশন এলাকার একটি পরিত্যক্ত ভবনে এই পাশবিক নির্যাতনের ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে লোদন (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুন) সকালে দক্ষিণ সুরমা থানার কদমতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার লোদন রেল স্টেশন এলাকার বাসিন্দা এবং একজন চিহ্নিত মাদকসেবী বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত লোদন প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় রেল স্টেশন এলাকায় ঘোরাফেরা করতো। মঙ্গলবার ভোররাত আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার দিকে তিনি রেল স্টেশন এলাকার ওই ভবঘুরে শিশুটিকে ভুল বুঝিয়ে ফুসলিয়ে নিজের সাথে নিয়ে যায়। এরপর স্টেশন সংলগ্ন একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে নিয়ে শিশুটিকে জোরপূর্বক মাদক সেবন করিয়ে শিশুটি অচেতন হয়ে পড়লে লোদন তাকে ধর্ষণ করে।
বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশকে খবর দেয়। রেল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নির্যাতিত শিশুটিকে উদ্ধার করে। পরবর্তীতে বিষয়টি দক্ষিণ সুরমা থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং দ্রুত অপরাধীকে ধরতে অভিযানে নামে। ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত লোদনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, উদ্ধারকৃত ১২ বছরের শিশুটি রেল স্টেশন এলাকার একজন ভবঘুরে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা মূলত মাদকসেবী, যারা রেল স্টেশন এলাকাতেই রাতযাপন করে। শিশুর অভিযোগের ভিত্তিতে রেল পুলিশের সহায়তায় আমরা মূল অভিযুক্তকে আটক করেছি।
ওসি আরও জানান, এই অপরাধের সাথে অন্য কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









