কক্সবাজারের উখিয়া সীমান্তসংলগ্ন নাফ নদে বিজিবির সঙ্গে একটি রোহিঙ্গা সশস্ত্র বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি বিদেশি রাইফেল, বিপুল পরিমাণ গুলি ও ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ৩টার দিকে বিজিবির উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার (৩ জুন) দুপুরের দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ বাহারপাড়া এলাকার সীমান্তবর্তী নাফ নদের শূন্য লাইনের কাছে মিয়ানমার থেকে জেলের বেশে কয়েকজন অস্ত্রধারী সশস্ত্র গ্রুপের উপস্থিতি টের পেয়ে বিজিবির বিশেষ দল বেড়িবাঁধে অবস্থান নিয়ে তাদের উপর গুলি করে। পরবর্তীতে গ্রুপটি কয়েক রাউন্ড গুলি করে নৌকা রেখে মিয়ানমারে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি টহল দল নৌকাটি তল্লাশি করে একটি জি থ্রি রাইফেল, ৩টি জি থ্রি খালি ম্যাগাজিন, ৩টি খালি ফাইবার ম্যাগাজিন, ৫১৫ রাউন্ডগুলি, একটি মোবাইল, দুটি এয়ারটেল সিম, চার হাজার পিস ইয়াবাসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে।
লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, ‘‘এ ঘটনায় সীমান্তে বিজিবির জনবল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্তে বসবাসরত জনসাধারণ এবং জেলেদের জানমালের নিরাপত্তায় বিজিবি প্রস্তুত রয়েছে।’’
পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, “সীমান্তবর্তী নাফ নদ ব্যবহার করে দীর্ঘদিন ধরে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো মাদকপাচারসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এতে সীমান্তবাসী ও স্থানীয় জেলেদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









