কৃষকের স্বার্থ সংরক্ষণ এবং দেশের কৃষি খাতকে সুরক্ষিত রাখতে কুষ্টিয়ার কুমারখালী ও খোকসা উপজেলার বিভিন্ন বাজারে বিশেষ তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান চলাকালে মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি ও মজুত রাখার অপরাধে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে দুই উপজেলার প্রধান সার, বীজ ও কীটনাশকের দোকানে এই ঝটিকা অভিযান চালানো হয়।
অভিযান সূত্রে জানা যায়, খোকসা উপজেলার জানিপুর বাজারে অবস্থিত ‘পলাশ বীজ ভান্ডার’নামের একটি প্রতিষ্ঠিত দোকানে তল্লাশি চালায় তদারকি টিম। এ সময় দোকানটিতে বিক্রয়ের উদ্দেশ্যে সাজিয়ে রাখা বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ বীজ উদ্ধার করা হয়।
ভোক্তাদের প্রতারিত করা এবং কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর এই অপরাধের দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ‘পলাশ বীজ ভান্ডার’কে ৫ হাজার টাকা জরিমানা আরোপ এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সাথে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ বীজগুলো বিনষ্ট করা হয়।
যৌথ এই অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মাসুম আলী। কৃষি উপকরণের মান যাচাইয়ে কারিগরি ও সার্বিক সহায়তা প্রদান করেন কুষ্টিয়া জেলা বীজ প্রত্যয়ন অফিসার। এছাড়াও অভিযান চলাকালে বাজারের সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় নিয়োজিত ছিল জেলা পুলিশের একটি চৌকস টিম।
অভিযান শেষে কুষ্টিয়া জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মাসুম আলী বলেন, "বীজ হলো কৃষির মূল ভিত্তি। মেয়াদোত্তীর্ণ বা ভেজাল বীজ ব্যবহার করলে আমাদের প্রান্তিক কৃষকেরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েন, যা সামগ্রিক খাদ্য উৎপাদনেও নেতিবাচক প্রভাব ফেলে। নিরাপদ ও মানসম্মত কৃষি উপকরণ নিশ্চিত করতে আমাদের এই কঠোর অবস্থান বজায় থাকবে।"
এদিকে প্রশাসনের এই আকস্মিক অভিযানে স্থানীয় সাধারণ কৃষক ও সচেতন মহলের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। জানিপুর বাজারের কয়েকজন স্থানীয় কৃষক জানান, অনেক সময় অসৎ ব্যবসায়ীদের খপ্পরে পড়ে তারা নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ বীজ কিনে প্রতারিত হন। মাঠ পর্যায়ে প্রশাসনের এ ধরনের নিয়মিত তদারকি অব্যাহত থাকলে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমবে এবং কৃষকেরা ন্যায্য মূল্যে সঠিক পণ্যটি পাবেন।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ কৃষি উপকরণের বিরুদ্ধে তাদের এই বিশেষ তদারকি ও বাজার মনিটরিং কার্যক্রম জেলাজুড়ে অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









