কুষ্টিয়ার মিরপুর রেলওয়ে স্টেশনে মোবাইল ফোনে কথা বলা অবস্থায় খুলনা থেকে চিলাহাটিগামী আন্তঃনগর ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে শুভ দেওয়ান (২৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৩ জুন) সকালে মিরপুর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শুভ দেওয়ান রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট উত্তর পাড়া এলাকার সেলিম দেওয়ানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুভ দেওয়ান রাজশাহী থেকে কুষ্টিয়ায় তার বোনের বাড়িতে বেড়ানোর উদ্দেশে রওনা হয়েছিলেন। পথিমধ্যে কুষ্টিয়ার মিরপুর রেলওয়ে স্টেশনে তিনি ট্রেন থেকে নামেন। স্টেশনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলার সময় তিনি অসচেতনভাবে রেললাইনের অত্যন্ত কাছে চলে যান। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ‘রূপসা আপ’ ট্রেনটি স্টেশন অতিক্রম করার সময় তিনি ট্রেনের নিচে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পোড়াদহ রেলওয়ে পুলিশের এসআই নাসির উদ্দীন জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা কুষ্টিয়ার পোড়াদহ জিআরপি থানা পুলিশকে বিষয়টি অবহিত করে। পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়। আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









