সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন।
বুধবার (৩ জুন) কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
আহতরা হলেন, কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের মৃত খাজের আলী সরদারের ছেলে মো. শাহীন(২৮) ও গোলাম রাব্বানী ছেলে মহিউদ্দিন(৪২) তারা বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাতে তারা অবৈধভাবে দেশে ফেরার চেষ্টা করেন। এ সময় বিএসএফ গুলি করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন বলেন, ``অবৈধভাবে ভারতে থেকে বাংলাদেশে ফেরার সময় দুজন বাংলাদেশি বিএসএফের গুলিতে আহত হওয়ার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত দুজনের অবস্থাই গুরুতর হওয়ায় তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।''


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









