নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত, মেয়াদোত্তীর্ণ ফ্লেভার সংরক্ষণ এবং নিষিদ্ধ উপাদান ব্যবহারের অভিযোগে ‘মহারাজা সুইটস’ নামে একটি মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৩ জুন) দুপুরে পূর্বাচলের ১৩ নম্বর সেক্টরের বুরুলিয়া চত্বরে অবস্থিত প্রতিষ্ঠানটিতে অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী রায়।
অভিযানে বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা ও এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছিল। এছাড়া নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিষিদ্ধ কিছু উপাদান ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। সেখানে এমন কিছু রং ও ফ্লেভারও পাওয়া গেছে, যেগুলোর উৎপাদনের তারিখ, মেয়াদ কিংবা উৎস সম্পর্কে কোনো তথ্য উল্লেখ ছিল না। ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ফ্লেভার সংরক্ষণ এবং কাঁচা ও প্রস্তুতকৃত খাবার একসঙ্গে রাখার মতো অনিয়মও ধরা পড়ে।
সহকারী পরিচালক ইন্দ্রানী রায় বলেন, ‘‘জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে একই ধরনের অনিয়ম পুনরায় পাওয়া গেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’
তিনি জানান, প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে। পুনরায় অনিয়ম ধরা পড়লে প্রতিষ্ঠানটি সিলগালা করাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনার আশ্বাস দিয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









