বরগুনার আমতলীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (৩ জুন) সকালে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের এ. কে. স্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. ইউসুফের নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে প্রথমে নিচে নামেন শ্রমিক জাহিদুল ইসলাম জাহিদ (৪২)। কিছুক্ষণ পর ভেতর থেকে শব্দ পেয়ে তাকে উদ্ধার করতে নিচে নামেন জাফর হোসেন (৪৫)। এ সময় ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে দুজনই অচেতন হয়ে পড়েন।
২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মুসা মোল্লা জানান, খবর পেয়ে আমতলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাংক ভেঙে তাদের উদ্ধার করেন। পরে দ্রুত তাদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত জাফর হোসেন উপজেলার চাওড়া ইউনিয়নের বেতমোর গ্রামের বাসিন্দা এবং জাহিদুল ইসলাম জাহিদ হলদিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস সূত্রে ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাস, বিশেষ করে কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হতে পারে।
ঘটনার পর থেকে নির্মাণাধীন ভবনের মালিক মাওলানা মো. ইউসুফ পলাতক রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু শাহাদাৎ মোহাম্মদ হাসনাইন পারভেজ জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









