মৌলভীবাজারের জুড়ী উপজেলাতে বজ্রপাতে ১৩টি গরু ও একটি মহিষের মৃত্যু হয়েছে।
বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নর কুচাই জ্বালাই এলাকায় এ ঘটনা ঘটে। এতে ছয়টি চা শ্রমিক পরিবার ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে।
জানা যায়, প্রতিদিনের মতো কয়েকজন চা শ্রমিক তাদের গবাদিপশু মাঠে চরানোর জন্য ছেড়ে দেন। দুপুরের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে একটি শক্তিশালী বজ্রপাত মাঠের একটি স্থানে আঘাত হানলে ঘটনাস্থলেই ১৩টি গরু ও একটি মহিষ মারা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের পর মাঠে গিয়ে তারা গবাদিপশুগুলোকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাউয়ুম বলেন, ‘‘বজ্রপাতে ছয়জন দরিদ্র চা শ্রমিকের মালিকানাধীন ১৩টি গরু ও একটি মহিষ মারা গেছে। গবাদিপশুগুলোই ছিল তাদের পরিবারের অন্যতম আয়ের উৎস। আকস্মিক এ ক্ষতিতে পরিবারগুলো বড় ধরনের আর্থিক সংকটে পড়েছে।’’
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্যও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









