পটুয়াখালীর দশমিনা উপজেলায় তেঁতুলিয়া নদীতে ইঞ্জিন বিকল হয়ে মাঝনদীতে আটকা পড়া ১৯ জন পিকনিকযাত্রীকে নৌপুলিশের সহযোগিতায় নিরাপদে উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীর তীরবর্তী বীজ উৎপাদন কেন্দ্র (সাবেক বীজ বর্ধন খামার) সংলগ্ন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।উদ্ধারকৃতরা সবাই ভোলা জেলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ গ্রামের বাসিন্দা বলে নৌপুলিশ জানিয়েছে।
নৌপুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ গ্রামের কয়েকজন বন্ধু সকালে দশমিনা উপজেলার বীজ উৎপাদন কেন্দ্রে পিকনিকে আসেন। পিকনিক শেষে বিকেলে বাড়ি ফেরার পথে তেঁতুলিয়া নদীর মাঝখানে তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় নদীতে তীব্র ঢেউ ও প্রতিকূল আবহাওয়ার কারণে ট্রলারটি ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দেয় এবং যাত্রীরা জীবনঝুঁকিতে পড়েন।
বিপদগ্রস্ত অবস্থায় তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে দশমিনা নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত একটি আধুনিক স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে ট্রলারে থাকা ১৯ জনকে নিরাপদে নদীর তীরে নিয়ে আসা হয়।
পিকনিকযাত্রী মো. ইয়ামিন, পারভেজ ও সোহেল জানান, সকালে আবহাওয়া স্বাভাবিক থাকলেও বিকেলে হঠাৎ নদী উত্তাল হয়ে ওঠে। মাঝনদীতে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে গেলে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে ৯৯৯-এ ফোন করলে নৌপুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে। তারা বলেন, “নৌপুলিশের দ্রুত সহযোগিতা না পেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।
দশমিনা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফেরদৌস বলেন, “বিকেল ৪টার দিকে ৯৯৯ থেকে খবর পাই যে বীজ উৎপাদন কেন্দ্র সংলগ্ন তেঁতুলিয়া নদীতে একটি ট্রলার বিকল হয়ে কয়েকজন যাত্রী মাঝনদীতে আটকা পড়েছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ও আমার টিম ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিই।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









