পটুয়াখালীর দশমিনা উপজেলায় নিখোঁজের তিনদিন পর মো. আনোয়ার হাওলাদার (৭৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ খাল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ঠাকুরেরহাট এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আনোয়ার হাওলাদার উপজেলার বহরমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আদমপুর গ্রামের মৃত কাশেম আলী হাওলাদারের ছেলে। মরদেহটি শনাক্ত করেন তার ছেলে মো. আলাউদ্দিন হাওলাদার।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার হাওলাদার প্রায় ৪০ বছর ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি বছরের অধিকাংশ সময় বাড়ির বাইরে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। গত মঙ্গলবার সকালে তিনি বাড়িতে এলেও বিকেলে আবার বের হয়ে যান। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে স্থানীয়রা ঠাকুরেরহাট এলাকার খালে একটি অজ্ঞাত বৃদ্ধের মরদেহ ভাসতে দেখতে পান। পরে বিষয়টি গ্রাম পুলিশকে জানানো হলে তিনি দশমিনা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাল থেকে মরদেহ উদ্ধার করে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসমান মরদেহের ছবি ও তথ্য ছড়িয়ে পড়লে আনোয়ার হাওলাদারের ছেলে আলাউদ্দিন হাওলাদার তা দেখতে পান। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে মরদেহটি তার বাবার বলে শনাক্ত করেন। খবর পেয়ে আত্মীয়-স্বজনরাও সেখানে ছুটে আসেন।
নিহতের ছেলে মো. আলাউদ্দিন হাওলাদার বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রায়ই বিভিন্ন জায়গায় চলে যেতেন। মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর আমরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। আজ সকালে খালে ভাসমান মরদেহ উদ্ধারের খবর পেয়ে সেখানে গিয়ে দেখি সেটি আমার বাবার মরদেহ। তার কোনো শত্রু ছিল না। বিষয়টি পুলিশকে জানালে তারা প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ আমাদের কাছে হস্তান্তর করেন।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ঠাকুরের হাট এলাকায় একটি খালে ভাসমান অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহটি উদ্ধার করে। পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেছেন। তাদের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









