কক্সবাজার শহরের দরিয়ানগর এলাকায় নির্মাণাধীন একটি কালভার্টে কাজ করার সময় মাটি ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন শ্রমিক আহত হয়েছেন।
বুধবার (৪ জুন) সকালে দরিয়ানগর থেকে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সড়কের নির্মাণাধীন একটি কালভার্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন মো. ইলিয়াছ ও রাকিব। আহত শ্রমিকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নির্মাণকাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান লাকি এন্টারপ্রাইজের ম্যানেজার আব্দুর রহমান মজুমদার জানান, সকালে শ্রমিকরা কালভার্টের নির্মাণকাজে নিয়োজিত ছিলেন। কাজ চলাকালে হঠাৎ পাশের মাটি ধসে পড়ে। এতে তিন শ্রমিক মাটিচাপা পড়েন। পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুবক্তগীন মোহাম্মদ সোহেল জানান, গুরুতর আহত অবস্থায় তিন শ্রমিককে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা দুইজনকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, “হাসপাতালে আনার আগেই ওই দুই শ্রমিকের মৃত্যু হয়েছিল। তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









