কক্সবাজারের ঈদগাঁওয়ে উদ্ধার হওয়া তিনটি কামানের গোলা নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করেছে বাংলাদেশ পুলিশের বোম ডিসপোজাল ইউনিট।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও বিশেষ প্রযুক্তি ব্যবহার করে এ কার্যক্রম সম্পন্ন করা হয়।
পুলিশ জানিয়েছে , গত ১৮ মে রাত সাড়ে ১১টার দিকে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের জুমনগর এলাকায় ভাঙারি ব্যবসায়ী মো. নুরুল আজিমের বাড়িতে কামানের গোলাসদৃশ তিনটি বস্তু পাওয়া যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো জব্দ করেন এবং পুরো এলাকা নিরাপত্তার আওতায় নেন।
পরে বিষয়টি বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম ডিসপোজাল টিমকে অবহিত করা হয়। বৃহস্পতিবার দুপুরে ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনা ৯ নম্বর ওয়ার্ডের বড়বিল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উদ্ধার হওয়া গোলাগুলো নিষ্ক্রিয় ও ধ্বংস করা হয়।
তিনটি কামানের গোলা নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করা হয়। এ সময় সম্ভাব্য ঝুঁকি এড়াতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয় এবং সাধারণ মানুষের চলাচল সাময়িকভাবে সীমিত রাখা হয়।
ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী বলেন, ‘‘কামানের গোলার মতো বিস্ফোরকসদৃশ বস্তু উদ্ধারের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে সেগুলো নিরাপদে ধ্বংস করায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।’’
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মজুমদার বলেন, “বোমা নিষ্ক্রিয় ও ধ্বংসের পুরো কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। এ সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









