কুষ্টিয়ার মিরপুরে ঝড়-বৃষ্টির সময় পৃথক বজ্রপাতের ঘটনায় কালু মণ্ডল (৭০) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নারী ও কিশোরসহ আরও অন্তত চারজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে উপজেলার পৃথক এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে।
নিহত কালু মণ্ডল মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের মহিষাখোলা গ্রামের মৃত লুৎফর বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আকস্মিক ঝড়-বৃষ্টির সাথে তীব্র বজ্রপাত শুরু হয়। এ সময় মহিষাখোলা এলাকায় বজ্রাঘাতের শিকার হয়ে ঘটনাস্থলেই কালু মণ্ডলের মৃত্যু হয়।
এদিকে উপজেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে আরও চারজন গুরুতর আহত হন। আহতরা হলেন— দৌলতপুর উপজেলার বৈরাগী চর গ্রামের রফিক খাঁর ছেলে মোঃ মাহফুজ (১৫), একই গ্রামের মাসদার প্রামাণিকের ছেলে মোঃ রাহান (৩৫), মিরপুরের নওদাপাড়া গ্রামের মান্নান শাহের স্ত্রী জমেলা (৫৫) এবং কচুবাড়ীয়া গ্রামের মিম (৩২)।
আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আকস্মিক এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









