ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে দেশ। বিশ্বকাপের পছন্দ দলের পতাকা উত্তোলন, শোভাযাত্রা, জার্সি পরিধানসহ নানা কর্মসূচিত ব্যস্ত অংশগ্রহণকারী দলগুলোর সমর্থকেরা। তেমনি ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন পটুয়াখালীর ব্যথা বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো. হাবিবুর রহমান। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রতি নিজের অকৃতিম ভালোবাসার বহিঃ প্রকাশ হিসেবে বিশ্বকাপ চলাকালীন সময়ে তার চেম্বারে আর্জেন্টিনার জার্সি পরে চিকিৎসা নিতে আসা রোগীদের ভিজিট ফি অর্ধেক নেয়ার ঘোষনা দেন তিনি।
বুধবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে এক পোস্টে ডা. মো. হাবিবুর রহমান লেখেন, পুরো বিশ্বকাপজুড়ে পটুয়াখালী শহরের কাজীপাড়ায় অবস্থিত গ্রিনভিউ হাসপাতালে তার চেম্বারে আর্জেন্টিনার জার্সি পরে আসা রোগীদের জন্য ভিজিট অর্ধেক থাকবর।
ডা. হাবিবুর রহমান বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের এনেস্থেশিয়া বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি ব্যথা ব্যবস্থাপনা বিষয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছেন।
ঘোষণা অনুযায়ী, তার নিয়মিত ভিজিট ফি ৬০০ টাকা হলেও আর্জেন্টিনার জার্সি পরে আসা রোগীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ৩০০ টাকা।
এ বিষয়ে ডা. মো. হাবিবুর রহমান বলেন, “আমি দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা দলের সমর্থক। বিশ্বকাপ এলেই খেলা দেখার আনন্দটা অন্যরকম হয়ে ওঠে। সেই আনন্দকে আরও একটু ভিন্নভাবে উদযাপন করার চিন্তা থেকেই এই উদ্যোগ। এটি সম্পূর্ণ খেলাধুলার প্রতি ভালোবাসা ও আনন্দ ভাগাভাগির একটি প্রচেষ্টা।”
তিনি আরও বলেন, “এটি আর্জেন্টিনা সমর্থকদের জন্য আমার পক্ষ থেকে একটি শুভেচ্ছা। এতে চিকিৎসাসেবার কোনো ব্যত্যয় ঘটবে না। বরং ফুটবলপ্রেমীদের মধ্যে আনন্দ ও উৎসবের আবহ আরও ছড়িয়ে পড়বে বলে আশা করছি।”
ফেসবুকে ঘোষণাটি প্রকাশের পরপরই ব্যাপক সাড়া পড়ে। অনেকেই বিষয়টিকে বিশ্বকাপ উন্মাদনার মজার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। আবার কেউ কেউ চিকিৎসাসেবার সঙ্গে ফুটবলপ্রেমকে যুক্ত করে এমন উদ্যোগকে ব্যতিক্রমী ও অভিনব বলে মন্তব্য করেছেন।
২০২২ সালের বিশ্বকাপের শুরুর পূর্বে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে প্রিয়জনদের খাসি কেটে খাওয়ানোর ঘোষণা দেয়ার পাশাপাশি শোভাযাত্রা ও বড়পর্দায় খেলা দেখার আয়োজন করেছিলেন এই চিকিৎসক। পছন্দের দল চ্যাম্পিয়ন হওয়ায় কথা রেখেছিলেন তিনি। দুটি খাসি কেটে দিয়েছিলেন ভোজ। এবারেও দল চ্যাম্পিয়ন হলে পছন্দের মানুষদেরকে খাসি খাওয়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









