ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের খানসামায় র্যালি, আলোচনা সভা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি খানসামা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মসূচির শেষ পর্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস এবং জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন।
এ সময় উপস্থিত ছিলেন আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান, আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা আহমেদ শাহ্, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং এলাকার সাধারণ মানুষ।
সভায় বক্তারা ডেঙ্গু জ্বরের ঝুঁকি ও বিস্তার রোধে করণীয় এবং ব্যক্তিগত ও সামাজিক সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এডিস প্রজাতির মশার বংশবিস্তার রোধে ঘরের আশপাশে জমে থাকা পরিষ্কার পানির উৎস ধ্বংস করা, নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি।
আলোচনা সভায় আরও জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মনিটরিং, লার্ভা ধ্বংস কার্যক্রম এবং জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম অব্যাহত রাখা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









