ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের উদ্যোগে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকালে হাসপাতালের প্রধান ফটক থেকে র্যালিটি বের হয়ে হাসপাতাল চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন।
র্যালিতে নেতৃত্ব দেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের উপ-পরিচালক ডা. এ কে এম নজমূল আহসান, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাহমুদ হাসান, সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) ডা. আবদুল মুনায়েম সাদসহ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীরা।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর বলেন, ‘‘বর্তমানে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু চিকিৎসা নয়, প্রতিরোধমূলক ব্যবস্থাকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।’’
তিনি বলেন, ‘‘বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা কিংবা আশপাশে কোথাও যেন পরিষ্কার পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কারণ জমে থাকা পানিই এডিস মশার প্রধান প্রজননস্থল। ব্যক্তি, পরিবার ও সমাজ, সব পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করতে পারলেই ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।’’
পরিচালক বলেন, ‘‘স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধ করা সম্ভব।’’ এ জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু মৌসুমকে সামনে রেখে হাসপাতাল কর্তৃপক্ষ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি রোগ প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। জনসচেতনতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









