ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে পটুয়াখালীর দশমিনায় পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকালে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। র্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পরিষ্কার পানি অপসারণ, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. শওকত ওসমান, ডা. আবিদা নাসরিন জিতু, ডা. এইচ এম আলভী, ডা. রাবেয়া স্বর্ণা ও ডা. সারাফ সাদমনি আখিসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সচেতন নাগরিকরা র্যালিতে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।
উপস্থিত সকলের অংশগ্রহণে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









