নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ফল উৎসব ও সমাবেশের সভামঞ্চে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে জাতীয় যুবশক্তি রূপগঞ্জ শাখার যুগ্ম সদস্য সচিব আল ফারাবীসহ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘‘হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা না হলে, বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।’’
শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রূপগঞ্জ উপজেলা এনসিপি আয়োজিত ফল উৎসব ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে বিকেল ৩টার দিকে সমাবেশস্থলে হঠাৎ করে বিপুল সংখ্যক মোটরসাইকেলে করে আসা হেলমেটধারীরা সভামঞ্চে হামলা চালিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ করেন আয়োজকরা। এ সময় আল ফারাবীসহ কয়েকজন আহত হন। পরে আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এনসিপির নারায়ণগঞ্জ জেলা দপ্তর সম্পাদক সাখাওয়াত হোসেন তারেক দাবি করেন, ‘‘সমাবেশকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। তবে হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।’’
সমাবেশে বক্তব্যকালে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘‘হামলা, ভয়ভীতি কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এনসিপির রাজনৈতিক কার্যক্রম বন্ধ করা যাবে না। আমাকে বলা হয়েছিল রূপগঞ্জে এলে নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে। কিন্তু আমি জনগণের পাশে থাকতে এসেছি। আমার সহকর্মীদের ওপর হামলার সুষ্ঠু বিচার না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।’’
তিনি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, ‘‘নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি।’’ আগামী স্থানীয় সরকার নির্বাচনে জনগণই এর জবাব দেবে বলেও মন্তব্য করেন তিনি।
রূপগঞ্জে মাদক, সন্ত্রাস ও ভূমিদস্যুতার বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাসীরুদ্দীন বলেন, ‘‘এসব অপতৎপরতার বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।’’
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম বলেন, ‘‘ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









