পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পৈতৃক জমি দখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা দায়ের এবং জমিতে রোপণ করা ফসল কেটে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন চার বোন। হয়রানি ও সম্পত্তি দখলের অপচেষ্টা থেকে রক্ষা পেতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন তারা।
রবিবার (৩০ আগস্ট) তেঁতুলিয়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে চার বোন রমিনা (৫০), জুলেখা (৫৫), তসলিমা (৪০) ও রহিমা (৪৫) উপস্থিত ছিলেন। এ সময় তাদের সঙ্গে পরিবারের একজন সদস্য আসির (৬০) উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগীরা জানান, তারা চার বোন ও এক ভাই। তাদের বাবার রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি নিয়ে এর আগে আদালতে মামলা হয়েছিল। পরবর্তীতে আদালতের রায়ে তারা জমির বিষয়ে অধিকার পান এবং আদালতের রায় অনুযায়ী ওই জমি বিক্রিও সম্পন্ন করেন।
তাদের অভিযোগ, আদালতের রায়ে নিষ্পত্তি হওয়া জমির বাইরে তাদের বাবার রেখে যাওয়া আরও ২৫ শতক জমি একটি প্রভাবশালী পক্ষ অবৈধভাবে দখলের চেষ্টা করছে। এ নিয়ে তাদের পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করতে একের পর এক হয়রানিমূলক ও ভিত্তিহীন মামলা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
ভুক্তভোগীদের আরও অভিযোগ, সম্প্রতি বিরোধপূর্ণ ওই জমিতে তাদের রোপণ করা ফসল কেটে নিয়ে ব্যাপক ক্ষতিসাধন করা হয়েছে। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মানসিকভাবে চরম হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে তারা বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ও মামলার কারণে তাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। পৈতৃক সম্পত্তি রক্ষায় তারা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলন থেকে চার বোন অভিযোগের সুষ্ঠু তদন্ত, হয়রানিমূলক মামলা থেকে প্রতিকার, ফসল কাটার ঘটনার তদন্ত এবং তাদের পৈতৃক সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









