সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্তে সাংস্কৃতিক অঙ্গনের এক ব্যক্তির সম্পৃক্ততার যোগসূত্র পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় এখনই প্রকাশ করেননি তিনি।
রবিবার (৩০ আগস্ট) আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান চিফ প্রসিকিউটর।
মো. আমিনুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা অন্য একটি মানবতাবিরোধী অপরাধের মামলা তদন্ত করতে গিয়ে একটি ভিন্ন মামলার কল ডিটেইল রেকর্ড (সিডিআর) পর্যালোচনা করে। সেখান থেকেই সাগর-রুনি হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ একটি ক্লু পাওয়া যায়।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক মেজর মোজাফফর হোসেনকে ঘিরেও কিছুটা ক্লু পাওয়া গিয়েছিল। একইভাবে সাগর-রুনি হত্যার ঘটনায়ও একটি সূত্র পাওয়া গেছে। তবে এখনই সংশ্লিষ্ট ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা সম্ভব নয়।
চিফ প্রসিকিউটর আরও বলেন, ‘একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের সঙ্গে সাগর-রুনি হত্যাকাণ্ডের একটি কানেকশন পাওয়া যায়। বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। ওই ব্যক্তির ওপর নজরদারিও রয়েছে। আরও তদন্তের পর প্রামাণিক কোনো তথ্য পাওয়া গেলে তা মামলার তদন্তকারী সংস্থা পিবিআইয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া হবে।’
তিনি জানান, সাগর-রুনি হত্যাকাণ্ড একটি ব্যক্তিগত হত্যার মামলা (ইনডিভিজ্যুয়াল মার্ডার কেস)। তাই মামলাটির বিচার সংশ্লিষ্ট দায়রা আদালতেই অনুষ্ঠিত হবে।
যেভাবে খুন হন সাগর-রুনি
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি খুন হন।
এ ঘটনায় নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
প্রথমে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পরে র্যাব মামলাটির তদন্ত করে। পরবর্তীতে মামলাটি তদন্তে উচ্চপর্যায়ের টাস্কফোর্স কমিটি গঠন করা হয়।
সর্বশেষ গত ২৭ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন। বর্তমানে মামলাটি তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









