সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে স্থানীয় জনগণের সঙ্গে সচেতনতামূলক মতবিনিময় সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর উদ্যোগে চিনাউড়া ও আশাউড়া দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে উদ্যোগ নেন ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. সেলিম রানা।
সভায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদক পাচার, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।
সীমান্তে সন্দেহজনক কর্মকাণ্ড, অবৈধ পণ্য পরিবহন বা অপরাধমূলক কার্যক্রম নজরে এলে দ্রুত নিকটস্থ বিজিবির বর্ডার আউটপোস্টে (বিওপি) তথ্য দিতে স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়। এ সময় সীমান্ত সুরক্ষা ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয়দের সক্রিয় সহযোগিতা, সচেতনতা বৃদ্ধি, পারস্পরিক আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক জাকারিয়া কাদির জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, আন্তঃসীমান্ত অপরাধ ও পুশইন প্রতিরোধ এবং সীমান্তবর্তী মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









