সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনার সময় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে লেখা একটি চিঠি পাওয়া গেছে। এতে বিএনপির সদস্য হতে এসএসসি এবং কর্মী হতে এইচএসসি পাসের শর্তসহ দলটির সাংগঠনিক সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে চিঠিতে লেখকের নাম-পরিচয় নেই।
শনিবার (২৪ অক্টোবর) মাজারের দানবাক্সের টাকা পঞ্চম দফায় প্রকাশ্যে গণনার সময় চিঠিটি পাওয়া যায়।
চিঠিতে বলা হয়েছে, বিএনপির সদস্য হতে হলে এসএসসি পাস অথবা জিপিএ-২.৫ থাকতে হবে। কর্মী হতে হলে এইচএসসি পাসের পাশাপাশি জিপিএ-৩.৫ থাকতে হবে। এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার আগে কাউকে দলের সঙ্গে যুক্ত না করার প্রস্তাবও দিয়েছেন লেখক।
চিঠিতে লেখক জানান, ২০১১ সালে তিনি রাজনীতিতে যুক্ত হয়েছিলেন। পরে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথাও উল্লেখ করেন। পাশাপাশি দলের সাংগঠনিক কাঠামো ও সংস্কার নিয়ে নিজের প্রত্যাশা তুলে ধরেন।
চিঠির শেষে ইংরেজিতে লেখা রয়েছে, ‘আই ওয়ান্ট দ্য চেঞ্জ টু কাম থ্রু ইউ...।’ বাংলায় এর অর্থ, ‘আমি চাই, আপনার মাধ্যমে পরিবর্তন আসুক।’ তবে চিঠির লেখক কে, তা জানা যায়নি।
এদিকে মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নিয়মিত দানবাক্সের টাকা গণনার সিদ্ধান্ত নিয়েছে আর্থিক ব্যবস্থাপনা কমিটি। ২৩ সেপ্টেম্বর কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, দানের ৩৫ শতাংশ মাজারের উন্নয়নকাজে এবং বাকি ৬৫ শতাংশ দৈনন্দিন খরচ ও কর্মচারীদের বেতন-ভাতায় ব্যয় করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









