প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের আগে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ঢাকায় রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত নিজস্ব বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর সিরডাপে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠেয় কপ-৩১ সামনে রেখে নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থাগুলোর প্রস্তুত করা জাতীয় অবস্থানপত্র প্রকাশ ও জাতীয় সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর সরকারি সফরে জাপান যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরের মাধ্যমে বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরে শামা ওবায়েদ বলেন, সীমিত বাজেটের মধ্যেও বাংলাদেশ জলবায়ু অভিযোজন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবারের সম্মেলনে জ্বালানি রূপান্তরের পাশাপাশি পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরতে চায় বাংলাদেশ।
তিনি বলেন, বিশ্ব জলবায়ু সম্মেলনে স্বচ্ছতা বাড়ানোর পাশাপাশি অভিযোজন ও প্রশমনের বিষয়গুলোকে সমান গুরুত্ব দিতে হবে। উন্নত দেশগুলোকে জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ করতে হবে। এ সহায়তা ঋণের পরিবর্তে অনুদান হিসেবে দেওয়া জরুরি, যাতে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ঋণের বোঝা না বাড়ে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় একটি তহবিল গঠন প্রয়োজন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বৈশ্বিক আলোচনায় কার্যকর ভূমিকা রাখতে বাংলাদেশের ঐক্যবদ্ধ অবস্থান জরুরি। নেগোসিয়েশন টেবিলে সম্মিলিতভাবে নিজেদের দাবি তুলে ধরে দেশের জন্য প্রয়োজনীয় অর্জন নিশ্চিত করতে হবে।
তিনি জানান, এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি আন্তমন্ত্রণালয় ফোকাল টিম গঠন করা হয়েছে। পাশাপাশি পরিবেশ নিয়ে কাজ করা তরুণদেরও এ প্রক্রিয়ায় যুক্ত করার সুযোগ রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









