মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের বান্দাইল (জিয়ানগর) গ্রামে চুরির অভিযোগে গণপিটুনিতে রাজীব (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার (৮ জুন) ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত রাজীব ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামের ফুলবর মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে জিয়ানগর গ্রামের বাসিন্দা মোহাম্মদ হাকিম আলীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, রাজীব বাড়ির টিনশেড ঘরের উত্তর পাশের জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকেন এবং তাঁর আরও চার-পাঁচজন সহযোগী বাড়ির বাইরে অবস্থান করছিলেন। ঘরে ঢুকে রাজীব প্রায় ৪ লাখ নগদ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে বাইরে থাকা সহযোগীদের কাছে হস্তান্তর করেন এবং সহযোগীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরবর্তীতে গৃহকর্তা মোহাম্মদ হাকিম আলী বিষয়টি টের পেয়ে প্রতিহত করার চেষ্টা করলে রাজীবের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়। এ সময় শোরগোল শুনে এলাকাবাসী ছুটে এসে রাজীবকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, পুরো ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মামলার প্রস্তুতি চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









