বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) কর্তৃক প্রহসনমূলক অধ্যাদেশ বাতিল ও ৬ দফা বাস্তবায়নের দাবিতে পটুয়াখালী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, কর্মবিরতি এবং ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছেন। আজ সোমবার সকালে "ন্যায়ের দাবিতে ঐক্যবদ্ধ হই, অধিকার আদায়ে অটল থাকি..." স্লোগান নিয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে অংশ নিয়ে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা তাঁদের ৬ দফা দাবি উপস্থাপন করেন। বক্তারা বলেন, বিসিপিএস-এর বৈষম্যমূলক অধ্যাদেশ বাতিলসহ তাঁদের পেশাগত অধিকার আদায়ের এই ৬ দফা দাবি সম্পূর্ণ যৌক্তিক। দীর্ঘদিন ধরে সাধারণ চিকিৎসা শিক্ষার্থীরা অবহেলার শিকার হচ্ছেন, যা আর মেনে নেওয়া হবে না।
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যতক্ষণ না পর্যন্ত তাঁদের সব দাবি মেনে নেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন ও কর্মবিরতিসহ এই আন্দোলন দেশজুড়ে কঠোরভাবে চলমান থাকবে। কর্মসূচিতে মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী এবং হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









