বিশ্বকাপ ফুটবলের মহোৎসব শুরু হতে এখনো দিনকয়েক বাকি। তবে মাঠের লড়াইয়ের বাঁশি বাজার আগেই দেশজুড়ে বইছে তুমুল উন্মাদনা। চায়ের কাপে ঝড়, পাড়ার মোড়ে তর্ক-বিতর্ক আর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় দলকে নিয়ে পোস্ট, সব মিলিয়ে মেতে উঠেছে গোটা দেশ।
এই ফুটবল জোয়ারে এবার এক অনন্য নজির স্থাপন করেছে বরিশালের দ্বীপ উপজেলা মেহেন্দীগঞ্জ। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার চিরচেনা দ্বৈরথের মাঝে পুরো উপজেলাকে আকাশি-সাদা পতাকায় মুড়িয়ে দিয়েছেন আলবিসেলেস্তে সমর্থকরা। দূর থেকে দেখলে মনে হয়, মেহেন্দীগঞ্জ যেন রূপ নিয়েছে এক টুকরো ‘আর্জেন্টিনা নগরীতে’।
সম্প্রতি মেহেন্দীগঞ্জের উলানিয়া লঞ্চঘাটের একটি নান্দনিক চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে। ঘাটের যাত্রী চলাচলের সিঁড়ির দুই পাশে সারিবদ্ধভাবে টানানো হয়েছে শত শত আর্জেন্টিনার পতাকা।
নদীপথে যাতায়াতকারী দূর-দূরান্তের যাত্রী ও দর্শনার্থীদের স্বাগত জানাচ্ছে এই আকাশী-সাদা তোরণ। প্রতিদিন বিকেল হতেই এখানে ভিড় জমাচ্ছেন শত শত ফুটবলপ্রেমী। কেউ দল বেঁধে প্রিয় দলের স্লোগান দিচ্ছেন, কেউবা সেলফি ও ভিডিও ধারণ করে ছড়িয়ে দিচ্ছেন নেটদুনিয়ায়। ফলে লঞ্চঘাট এলাকাটি এখন উপজেলার অন্যতম প্রধান আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে।
গত বিশ্বকাপের শিরোপাজয়ী আর্জেন্টিনার প্রতি সমর্থকদের আবেগ এবার যেন একটু বেশিই চড়া। স্থানীয় সমর্থক ও শিক্ষার্থী ফাইজা মীম বলেন, ‘‘গত বিশ্বকাপে আর্জেন্টিনা দুর্দান্ত পারফর্ম করে বিশ্বজয় করেছিল। এবারও আমরা চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছি। আর সবচেয়ে বড় কথা, এটাই হয়তো ফুটবল জাদুকর লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। তাই আমাদের আবেগ ও উন্মাদনা এবার কোটি গুণ বেশি।’’
আরেক সমর্থক রাজিব হোসেন বলেন, ‘‘চার বছর পর পর বিশ্বকাপ আসে। এটা শুধু খেলা নয়, আমাদের আবেগ। প্রিয় দলের প্রতি নিখাদ ভালোবাসা থেকেই আমরা স্বতঃস্ফূর্তভাবে পুরো এলাকা সাজিয়েছি। এই আনন্দটাই অন্যরকম।’’
আর্জেন্টাইন সমর্থকদের এমন রাজকীয় সাজসজ্জার মধ্যেও দমে যাননি সেলেসাও বা ব্রাজিল ভক্তরা। উপজেলার বিভিন্ন মোড়ে ও বাসাবাড়িতে ব্রাজিলের পাঁচ তারকা খচিত ঐতিহ্যবাহী হলুদ-সবুজ পতাকাও উড়তে দেখা যাচ্ছে। তবে মেহেন্দীগঞ্জের প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ বাজার ও জনবহুল স্থানগুলোতে আপাতত আর্জেন্টিনার পতাকার আধিক্যই বেশি চোখে পড়ছে। ব্রাজিল সমর্থকরা জানিয়েছেন, তাদের প্রস্তুতিও চলছে, মাঠের খেলা শুরু হলেই তারা আসল চমক দেখাবেন।
স্থানীয় প্রবীণ বাসিন্দা ও সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন, ফুটবলকে কেন্দ্র করে গড়ে ওঠা এই উৎসবমুখর পরিবেশ সমাজ ও তরুণের মাঝে একতার বার্তা দেয়। মাঠের বৈরিতা যা-ই থাক, এই আয়োজনগুলোর মাধ্যমে এলাকার মানুষের মধ্যে আনন্দ, পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি পাচ্ছে।
বিশ্বকাপের মূল আসর শুরুর আগেই মেহেন্দীগঞ্জের এই বাঁধভাঙা উচ্ছ্বাস ও নান্দনিক সাজসজ্জা প্রমাণ করে, বাঙালির ফুটবল আবেগ আসলেই সীমানা ছাড়ানো।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









