রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের অবৈধ সেগুন কাঠ ও দুটি চাঁদের গাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৮ জুন) দুপুর সাড়ে ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়কের নির্দেশে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস-এর নেতৃত্বে এবং প্রশিক্ষণটিলা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মো. কামাল উদ্দিন খানের নেতৃত্বে পৃথক টহল দল বাঘাইছড়ি উপজেলার প্রশিক্ষণটিলা বাঙ্গালিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা দুটি চাঁদের গাড়িতে বহন করা কাঠ ফেলে গহীন পাহাড়ে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে কাউকে আটক করতে না পারলেও মালিকবিহীন অবস্থায় দুটি চাঁদের গাড়িসহ ১০৪ দশমিক ৩৩ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করতে সক্ষম হয়।
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত সেগুন কাঠ ও যানবাহনের মোট সিজার মূল্য ২৪ লাখ ৬৯ হাজার ৪৮৫ টাকা।
এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, “মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সম্প্রতি চোরাকারবারীরা বিভিন্ন অভিনব কৌশলে তাদের তৎপরতা বাড়ানোর চেষ্টা করছে। এসব কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি নিয়মিত আভিযানিক টহল পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও চোরাচালান দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









