রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসলে নেমে ইনতিশার হাসনাত জিমেল (২২) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের বালুচর পর্যটন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের শিক্ষার্থী ইনতিশার হাসনাত জিমেল তিন বন্ধুকে সঙ্গে নিয়ে সকালে চট্টগ্রাম থেকে রাঙামাটিতে বেড়াতে আসেন।
বিকেলে তারা ইঞ্জিনচালিত নৌকাযোগে কাপ্তাই হ্রদের বালুচর স্পটে ঘুরতে যান।
একপর্যায়ে চার বন্ধু হ্রদে গোসলে নামলে সাঁতার না জানার কারণে ইনতিশার পানিতে তলিয়ে যান। বিষয়টি বুঝতে পেরে তার বন্ধুরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা শুরু করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। প্রায় আধা ঘণ্টা তল্লাশির পর কাপ্তাই হ্রদ থেকে ইনতিশার হাসনাতের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইনতিশার হাসনাত জিমেল কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বাসিন্দা মো. বেলাল উদ্দিন ও শাহীন আকতার নাছরিন দম্পতির ছেলে। বর্তমানে তার পরিবার চট্টগ্রাম মহানগরীর ডিওএইচএস এলাকায় বসবাস করছেন বলে জানা গেছে।
রাঙামাটি ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক নিউটন দাস জানান, বিকেল ৫টার দিকে খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে হ্রদ থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আবদুর রকিব বলেন, ‘‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









