রাঙামাটির বাঘাইছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মদ, সিগারেট ও কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে মারিশ্যা-দিঘিনালা সড়কের নালকাটা ছড়া এলাকায় এই অভিযান চালানো হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৭ বিজিবি (মারিশ্যা জোন) এর সহকারী পরিচালক এডি হাফিজুর রহমানের নেতৃত্বে ওই এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেলের দুই আরোহীকে থামার নির্দেশ দিলে তারা সঙ্গে থাকা বস্তা ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত ওই বস্তা তল্লাশি করে ১২ বোতল ভারতীয় মদ, ৩৯ কার্টুন অবৈধ ভারতীয় সিগারেট এবং বেশ কিছু কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য দেড় লক্ষাধিক টাকা।
২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লে কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) মাদক ও চোরাচালানের মালামাল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি অবৈধ চোরাচালান ও পুশইন ঠেকাতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে এবং চোরাচালান প্রতিরোধে এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









