জেন্ডার সমতা প্রতিষ্ঠা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সরকারি প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের লক্ষ্যে বরগুনায় “নাগরিক শান্তি প্রতিষ্ঠায় আন্তঃপ্রজন্ম কথোপকথন” শীর্ষক এক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) দুপুরে বরগুনা প্রেসক্লাব ও হোটেল বে অব বেঙ্গলের মিলনায়তনে এ সংলাপের আয়োজন করে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট (উই ক্যান)। এতে সহযোগিতা করে সুকতারা মহিলা সমিতি ও সিবিডিপি।
সংলাপে বরগুনা সদর ও আমতলী উপজেলার বদরখালী, বুড়িরচর ও আরপাঙ্গাশিয়া ইউনিয়ন থেকে আসা নাগরিক প্ল্যাটফর্মের প্রায় ৮০ জন সদস্য অংশগ্রহণ করেন।
সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে স্বাগত বক্তব্য দেন সুকতারা মহিলা সমিতির সভানেত্রী কাজল রানী দাশ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উই ক্যানের নির্বাহী পরিচালক জিনাত আরা হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক রূপ কুমার পাল, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হেমায়েত উদ্দিন, বরগুনা প্রেস ক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, সাবেক সভাপতি সোহেল হাফিজ, সচেতন নাগরিক কমিটির সভাপতি মনির হোসেন কামাল, উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের সভাপতি জাকির হোসেন, সাংবাদিক চিত্তরঞ্জন শীল, নারী প্রতিনিধি অ্যাডভোকেট সেলিনা আক্তার এবং মানুষের জন্য ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার তাসমিন হোসাইন প্রমি।
এছাড়াও সংলাপে বরগুনা সদর ও আমতলী উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, নারী নেত্রী, সুশীল সমাজের প্রতিনিধি এবং সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জিনাত আরা হক বলেন, ‘‘জেন্ডার সমতা শুধু নারীদের বিষয় নয়, এটি মানবিক ও সামাজিক ন্যায়ের প্রশ্ন। পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।’’
বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন পর্যায়ে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং লিঙ্গবৈষম্য দূর করতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় আরও জোরদার করার পাশাপাশি সমাজের সর্বস্তরে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন বলেও তারা মত দেন।
সংলাপে জেন্ডার সমতা প্রতিষ্ঠার বিদ্যমান চ্যালেঞ্জ, সম্ভাবনা, করণীয় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়। বক্তারা টেকসই উন্নয়ন ও বৈষম্যহীন সমাজ গঠনে জেন্ডার সমতা নিশ্চিত করার লক্ষ্যে সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









