ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের উজান বৈলর এলাকায় সরকারি রাস্তা অবৈধভাবে দখল করে মৎস্য খামার নির্মাণের অভিযোগে লুৎফর রহমান মিলন (৩৫) নামে এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার উপজেলা প্রশাসনের পরিচালিত মোবাইল কোর্টে তাকে এই দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত মিলন উজান বৈলর এলাকার আব্দুল লতিফ মন্ডলের ছেলে।
জানা যায়, সরকারি রাস্তা দখল করে মৎস্য খামার নির্মাণের অভিযোগে বৈলর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে লিখিত অভিযোগ দাখিল করেন। এর প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হলে অভিযুক্ত ব্যক্তি নিজের দোষ স্বীকার করেন। পরে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে ত্রিশাল থানা পুলিশ ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিকে সাজা পরোয়ানামূলে ময়মনসিংহ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ইউএনও আরাফাত সিদ্দিকী জানান, সরকারি রাস্তা বা জায়গা অবৈধভাবে দখল এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









