পাবনা পুলিশ লাইনস স্কুলে শ্রেণিকক্ষে ক্লাস চলাকালে চলন্ত সিলিং ফ্যান খুলে মাথায় পড়ে এক শিশু শিক্ষার্থী আহত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে স্কুলের দ্বিতীয় তলার ৪০৩ নম্বর কক্ষে এ দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম তামজিদ (১০)। সে ওই স্কুলের ৫ম শ্রেণির ছাত্র এবং পাবনা পৌর সদরের অনন্ত এলাকার ফজলুল হকের ছেলে।
স্কুল কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০টা ২০ মিনিটে টিফিনের বিরতি শেষে পঞ্চম শ্রেণির ক্লাস শুরু হয়। ক্লাস চলাকালীন সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে হঠাৎ বৈদ্যুতিক সিলিং ফ্যানটি চলন্তঅবস্থায় খুলে গিয়ে তামজিদের মাথার ওপর পড়ে। এতে তার মাথা ফেটে গিয়ে সে রক্তাক্ত হয়। ঘটনার পরপরই স্কুলের শিক্ষকরা তাকে দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে তাকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
জানতে চাইলে পাবনা পুলিশ লাইনস স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুব আলম দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'আমরা শিশুটিকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেছি। চিকিৎসকের ব্যবস্থাপত্র ও ওষুধসহ তাকে তার অভিভাবকের ডেকে এনে বুঝিয়ে দেওয়া হয়েছে। তার আঘাত খুব বেশি গুরুতর নয়। যেহেতু এটি একটি আকস্মিক দুর্ঘটনা, সে কারণে তার বাবার কোনো অভিযোগ নেই।’’
প্রধান শিক্ষক আরও জানান, তারা সবসময় স্কুলের বৈদ্যুতিক সরঞ্জাম ও ফ্যানগুলো পরীক্ষা করে থাকেন। তারপরও এমন একটি দুর্ঘটনা ঘটে গেছে। এখন থেকে পুনরায় স্কুলের সকল ফ্যান নিখুঁতভাবে চেক করা হবে এবং ক্ষতিগ্রস্ত ফ্যানটি পরিবর্তন করে দ্রুত সেখানে নতুন ফ্যান লাগানো হচ্ছে।
উল্লেখ্য, পাবনা পুলিশ লাইনস স্কুলের প্রাথমিক ও মাধ্যমিক শাখায় বর্তমানে মোট ১ হাজার ৬০০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









