চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৪ লেন থেকে ৬ লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৩ জুন) রাতে কক্সবাজারের চকরিয়ায় আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘‘গত ২৫ বছরে কক্সবাজার অঞ্চলের গুরুত্ব বহুগুণ বেড়েছে। অচিরেই মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চালু হবে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ বাস্তবতায় কক্সবাজার-চট্টগ্রাম সড়ককে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা প্রয়োজন।’’
তিনি বলেন, “আগামী দিনের অর্থনৈতিক উন্নয়ন ও যানবাহনের ক্রমবর্ধমান চাপ বিবেচনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি অন্তত ৬ লেনে উন্নীত হওয়া উচিত।”
এ সময় তিনি সড়কটি ৪ লেন থেকে ৬ লেনে উন্নীত করার ঘোষণা দেন এবং শিগগিরই এ প্রকল্পের কাজ শুরু হবে বলে জানান।
লবণচাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘দেশের লবণচাষিরা তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এ পরিস্থিতির পরিবর্তনে সরকার দ্রুত একটি মূল্য নির্ধারণ ব্যবস্থা চালু করবে, যাতে লবণচাষিরা উৎপাদিত লবণের ন্যায্যমূল্য পান।’’
প্রস্তাবিত জাতীয় বাজেটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “দুই দিন আগে আমরা যে বাজেট উপস্থাপন করেছি, তা সাধারণ মানুষের কল্যাণে প্রণীত একটি জনবান্ধব বাজেট। দেশের কল্যাণ নিয়ে যারা ভাবেন, তারা ইতোমধ্যে এই বাজেটকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছেন।”
তিনি আরও বলেন, ‘‘বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানো বা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমে।’’
তবে কিছু রাজনৈতিক মহল বাজেটের বিরোধিতা করে কর্মসূচি পালন করছে উল্লেখ করে তিনি বলেন, “যারা জনগণের স্বার্থে প্রণীত বাজেটের সমালোচনা করে, তারা প্রকৃত অর্থে জনগণের রাজনীতি করে না।”
জনসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









