বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার সানকিভাঙ্গা গ্রামে একটি নকল সিগারেট তৈরীর কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। ঐ কারখানা থেকে ১০ লাখ শলাকা নকল ডারবি সিগারেট ও চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকেলে ঐ এলাকার ক্রাউন টোবাকো ইন্ডাষ্ট্রিজ সংলগ্ন একটি গোয়াল ঘর থেকে বাগেরহাট জেলা গোয়েন্দা(ডিবি) ও থানা পুলিশ অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে। একই সাথে পুলিশ চুরি হওয়া সিগারেট তৈরীর কাজে ব্যবহৃত বিভিন্ন ধরণের মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জেলা ডিবি পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম, সহকারি কাষ্টমস, এ্যাক্সাইজ এন্ড ভ্যাট কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন, মোরেলগঞ্জ থানার এসআই উত্তম কুমার, মোরেলগঞ্জ-শরণখোলায় বিএনপি মেনানীত প্রার্থী গ্রীন বাংলা টোবাকো’র মালিক সোমনাথ দে ও ব্রিটিশ-আমেরিকা ট্যোবাকো’র মোরেলগঞ্জ-শরণখোলার বিক্রয় এজেন্ট মাসুদ করিম টিটু এ সময় উপস্থিত ছিলেন।
বিএনপি নেতা সোমনাথ দে বলেন, গত আগষ্ট বিল্পবের পরেই বাধাল এলাকায় থাকা তার গ্রীন বাংলা টোবাকো কারখানা থেকে কয়েক কোটি টাকা মূল্যের মেসিন ও সিগারেট তৈরীর মালামাল চুরি হয়ে যায়।
মাসুদ করিম টিটু বলেন, ক্রাউন টোবাকো ইন্ডাষ্ট্রিজ এর মালিক বদরুল ইসলাম ভদ্দর দীর্ঘদিন ধরে অবৈধভাবে রাতের আধারে তার কারখানায় ব্রিটিশ-আমেরিকা ট্যোবাকো’র ডারবি সিগারেটের নকল কপি তৈরী করে বাজারজাত করে আসছে। তার কারখানার পাশেই একটি গোয়াল ঘরে কমপক্ষে ১০ লাখ শলাকা নকল ডারবি সিগারেট পাওয়া গেছে।
ডিবি পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম বলেন, বিপুল পরিমান সিগারেট ঊদ্ধার করা হয়েছে। এগুলো নকল ডারবি বলে মনে হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, গ্রীন বাংলা টোবাকো’র মালিক সোমনাথ দে’র কারখানা থেকে কয়েকমাস পূর্বে সিগারেট তৈরীর মেসিনসহ বহু মালামাল চুরি হয়ে যায়। এ ঘটনায় সোমনাথ দে বাগেরহাট আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত মালামাল উদ্ধারের আদেশ দেন। ওই আদেশ পেয়ে থানা পুলিশ শনিবার (১৩ জুন) ক্রাউন টোবাকো ইন্ডাষ্ট্রিজ এলাকায় অভিযান চালায়।
এসময় ক্রাউন টোবাকো’র মালিক বদরুল আলম ভদ্দর ও এর কোন কর্মচারিকে পাওয়া যায়নি। কারখানায় তালা লাগিয়ে সকলে পালিয়ে যায়। এক সময় তারা ফোনও বন্ধ করে রাখে।
ঘটনাস্থল থেকে এস আই উত্তম কুমার জানান, অভিযানে সোমনাথ দে’র কারখানা থেকে চুরি হওয়া কিছু মালামাল ঊদ্ধার হয়েছে। অভিযান এখনো শেষ হয়নি। পুলিশ ক্রাউন টোবাকো ইন্ডাষ্ট্রিজ এলাকায় অবস্থান করছে। আরো কিছু চোরাই মালামাল ঊদ্ধার হতে পারে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









