কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সিএনজিচালিত অটোরিকশার চাপায় মোটরসাইকেল আরোহী এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন।
রবিবার (১৪ জুন) দুপুরে উপজেলার মির্জাপুর-মঠখোলা সড়কের মির্জাপুর শশ্মানঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল মিয়া (২৬) উপজেলার চরফরাদী ইউনিয়নের কাহেৎধান্দুল গ্রামের খুরশিদ মিয়ার ছেলে। তিনি সৌদি আরবে থাকেন। তিনি ছুটি কাটাতে দেশে এসেছিলেন।
স্থানীয়রা জানায়, দুপুরের দিকে মোটরসাইকেলযোগে অপর এক প্রবাসী বন্ধুকে সঙ্গে নিয়ে বাহাদিয়া এলাকা থেকে বাড়ি ফেরার পথে মির্জাপুর শশ্মানঘাট এলাকায় অপর একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান রুবেল মিয়া। এ সময় দ্রুত গতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হন রুবেল মিয়া। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









