সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫৫ লাখ ৩০ হাজার ৬০০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৫ জুন) সাতক্ষীরা ব্যাটালিয়ন-৩৩ বিজিবি সূত্রে এ তথ্য জানা গেছে।
বিজিবি জানায়, ব্যাটালিয়নের অধীন পদ্মশাখরা, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা বিওপি এবং বাঁকাল চেকপোস্টের টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, চিংড়ি মাছের রেনুপোনা এবং ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহৃত বিপুল পরিমাণ বাংলাদেশি ঔষধ জব্দ করা হয়।
পদ্মশাখরা বিওপির টহল দল সাতক্ষীরা সদর উপজেলার বটতলা এলাকা থেকে ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা জব্দ করে।
তলুইগাছা বিওপির টহল দল সদর উপজেলার শালবাগান এলাকা থেকে ৩৬ লাখ ২৭ হাজার ৮০০ টাকা মূল্যের ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহৃত বাংলাদেশি ঔষধ উদ্ধার করে।
অন্যদিকে কাকডাঙ্গা বিওপি কলারোয়া উপজেলার ভাদিয়ালি এলাকা থেকে ৮ লাখ ৪০ হাজার টাকা এবং মাদরা বিওপি রাজপুর এলাকা থেকে ৩ লাখ ৬২ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
এছাড়া বাঁকাল চেকপোস্টের টহল দল ৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা আটক করে।
বিজিবি জানায়, শুল্ক ফাঁকি দিয়ে এসব পণ্য অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনা হচ্ছিল। জব্দকৃত মালামালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









