চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে অন্তর আলী (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক শিবগঞ্জ পৌরসভার চকদৌলতপুর মন্ডলপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে ফুটবল খেলার সময় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে অন্তর আলী মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা মো. আব্দুল মান্নান ও শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র কারিমুল হক রাজিন ঘটনার সত্যতা নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মিজানুর রহমান জানান, সংবাদ পেয়ে আমার একটি টিম ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পটিবারকে নগদ ২৫ হাজার টাকা প্রদান করেছে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপণ করেছে।
এদিকে, এ ঘটনায় আইনি ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









