শিবগঞ্জের মোহনবাগে ১৫ বছর বয়সী গৃহপরিচারিকা নয়নী ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে র্যালি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকাল ১০টায় শিবগঞ্জ সচেতন শিক্ষার্থী সমাজের আয়োজনে সাধারণ শিক্ষার্থী, নয়নীর স্বজন ও বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহণে একটি র্যালি শিবগঞ্জ মহিলা কলেজের সামনে থেকে শুরু হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুলের সামনে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শিক্ষার্থী শিষ মোহাম্মদ, সাইমুম সাদাব, লিমন মোস্তাকিন, সানজিদ, মিরাজ, কাউসার এবং নিহত নয়নীর আত্মীয় ও মামলার বাদী আকলিমা বেগম, বেদানা বেগম, রুবী, সোহবুল হক ও মোস্তাক। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নয়নী হত্যাকাণ্ড নিয়ে নানা নাটক চলছে। প্রভাবশালী মহলের তদবিরের কারণে পুলিশ বাকি আসামিদের ধরতে টালবাহানা করছে। এমনকি মামলা করতে গিয়েও বাদীপক্ষকে হয়রানির শিকার হতে হয়েছে এবং বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বক্তারা অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
অভিযোগ অস্বীকার করে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান বলেন, "পুলিশ কোনো মহলের দ্বারা প্রভাবিত না হয়ে সর্বদা নিরপেক্ষভাবে কাজ করছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।"


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









