নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সোমবার (১৫ জুন) দিবাগত রাতে সৈয়দপুর থানাধীন গোলাহাট রেল কলোনি এলাকায় ওই অভিযান পরিচালিত হয়।
মঙ্গলবার (১৬ জুন) বিষয়টি নিশ্চিত করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নীলফামারী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলা কার্যালয়ের পরিদর্শক ভূপতি কুমার বর্মণের নেতৃত্বে একটি রেইডিং টিম রাত ১০টার দিকে সৈয়দপুর থানা থেকে ওয়াপদাগামী পাকা সড়কের গোলাহাট রেল কলোনি এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন ব্যক্তি মো. শমসের আলী ওরফে শেরু (৩৫)-কে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে একটি ডার্বি সিগারেটের প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটের ভেতর থেকে এ্যামফিটামিনযুক্ত কমলা রঙের ২০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ হাজার টাকা। উদ্ধারকৃত আলামতসহ আসামিকে ঘটনাস্থলেই গ্রেপ্তার করে থানায় সোপর্দ করা হয়।
গ্রেপ্তারকৃত শমসের আলী ওরফে শেরুর বাড়ি সৈয়দপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের গোলাহাট কবরস্থান রোড এলাকায়। এর আগেও সে বেশ কয়েকবার মাদকসহ গ্রেপ্তার হয়েছিল। তার বিরুদ্ধে বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজের হেফাজতে রাখা ও সংরক্ষণের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ভূপতি কুমার বর্মণ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে সৈয়দপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, ওই মাদক কারবারির বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









