ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসান মিয়াকে (২৮) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন কুমিল্লার আদালত।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ পুলিশ ও ডিবির কড়া নিরাপত্তায় জিসানকে হাজির করা হলে বিচারক তৈয়ব উদ্দিন তাকে জেল হাজতে প্রেরণ করেন।
জিসান মিয়ার আইনজীবী মনিরুল ইসলাম পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করেছেন।
শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে সুস্থ বলে প্রতিবেদন দিয়ে মঙ্গলবার বেলা বারোটার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জিসান মিয়াকে ৪ দিন পর ছাড়পত্র দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এরপর দুপুরে জিসানকে আদালতে হাজির করার কথা থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যরা বিকেল সাড়ে ৫ টায় তাকে আদালতে নিয়ে আসেন।
উল্লেখ্য, কুমিল্লার দাউদকান্দি উপজেলার এক বিধবা নারীকে ধর্ষণ ও ভ্রূণ নষ্ট করার অভিযোগের মামলায় শুক্রবার (১২ জুন) রাতে জিসানকে গ্রেপ্তার দেখানো হয়। কিন্তু ওই ছাত্রশিবির নেতা নিজেকে ‘অসুস্থ দেখিয়ে’ পুলিশি হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ জন্য তাকে গ্রেপ্তার করা হলেও আদালতে পাঠায়নি পুলিশ।
এর আগে দাউদকান্দি থেকে ‘নিখোঁজ’ হওয়ার এক দিন পর শুক্রবার রাত পৌঁনে ১০টার দিকে লাকসাম রেলওয়ে জংশন এলাকায় ‘অচেতন’ অবস্থায় জিসানকে উদ্ধার করা হয় বলে দাবি করে পরিবার। পরে রাতেই চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান সংবাদ সম্মেলন করে জানান , জিসানকে কেউ অপহরণ করেনি; তিনি নিজেই আত্মগোপনে ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









